দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

test.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

কাফনের কাপড়, আতর ও হুমকির চিরকুট পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি বাকের মজুমদারকে হত্যার হুমকি

কাফনের কাপড়, আতর ও হুমকির চিরকুট পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি বাকের মজুমদারকে হত্যার হুমকি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারের বাড়ির পাশে কাফনের কাপড়, আতর, লোবান ও হত্যার হুমকি সংবলিত একটি চিরকুটসহ বাক্স পাওয়া গেছে।

পরিবারের সদস্যদের দাবি, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাক্সটি সেখানে রেখে যায়। পরে মঙ্গলবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে বাকের মজুমদারের বাড়ির পাশ থেকে বাক্সটি উদ্ধার করেন তার স্বজনরা।

বাক্সের ভেতরে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি হুমকিমূলক চিরকুট পাওয়া যায়। চিরকুটে আবু বাকের মজুমদারকে উদ্দেশ করে লেখা হয়, তাকে হত্যার জন্য প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি তার পুরো এলাকা জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। চিরকুটের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ছিল।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরুড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগঠনটি আবু বাকের মজুমদার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে সংগঠনটি জানায়, ভয়ভীতি কিংবা সহিংসতা দিয়ে জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থান দমিয়ে রাখা সম্ভব নয়। যেকোনো ধরনের হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনীতি পরিচালিত হওয়া উচিত যুক্তি, আদর্শ ও জনগণের সমর্থনের ভিত্তিতে।

এ বিষয়ে আবু বাকের মজুমদার বলেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং বাড়ির পাশে কাফনের কাপড় রেখে যাওয়া হয়েছে। তার দাবি, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে কোনো লাভ হবে না। তারা বুলেটের সামনে লড়াই করে বিজয়ী হয়েছেন। পরাজিত শক্তিকে বাংলাদেশের মানুষই প্রতিহত করবে।

তবে এ ঘটনায় এখনো থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেননি বলে জানিয়েছেন আবু বাকের। বিষয়টি নিয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, তা ভাবছেন বলে জানান তিনি।

অন্যদিকে, আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে কোনো একসময় বাড়ির পাশে বাক্সটি রেখে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। সকালে বাক্সটি খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। পরে বিষয়টি ছবি ও ভিডিওসহ বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, হোয়াটসঅ্যাপে কিছু ছবি ও ভিডিও পেয়েছেন। তবে সেগুলো কে বা কারা পাঠিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি বলেও জানান তিনি।

মূল নিবন্ধ: https://test.dainiksokal.com/country-news/146171-kafner-kapd-atr-oo-humkir