দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

test.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

তালায় জেলা পরিষদের অর্থায়নে বৃক্ষ বিতরণ ও জেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর ইসলাম হাবিবকে সংবর্ধনা

তালায় জেলা পরিষদের অর্থায়নে বৃক্ষ বিতরণ ও জেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর ইসলাম হাবিবকে সংবর্ধনা

শেখ নজরুল ইসলাম তালা সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

রবিবার (২২ নভেম্বর) তালা মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান। তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি এস কে কামরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রহমান, তালা

থানার অফিসার ইনচার্জ আলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা

যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, সাসের পরিচালক শেখ ইমান আলী, মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম এবং তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রেজাউল ইসলাম রেজা।

এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়, বায়ুদূষণ কমায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষ করে ফলজ গাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করে। অন্যদিকে বনজ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক। তাই শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিব সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

পরে জেলা পরিষদের অর্থায়নে বৃক্ষ বিতরণ কর্মসূচির আওতায় কলেজের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা এসব চারা শুধু বাড়িতে বা শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় রোপণই করবে না, বরং নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি চারাকে বড় করে তুলবে। তাদের হাত ধরেই গড়ে উঠবে আগামী দিনের সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ।

মূল নিবন্ধ: https://test.dainiksokal.com/country-news/146209-talaz-jela-prishder-orth