আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েও সিদ্ধান্ত স্থগিত করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী-২ (সেনবাগ) আসনের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির অভাবের কথা উল্লেখ করেন। জুলাইয়ে নোয়াখালীতে কর্মসূচিতে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক হান্নান মাসুদের অনুসারীদের বিরুদ্ধে তাঁকে অপমান ও হেনস্তার অভিযোগ তোলেন।
জাকারিয়ার দাবি, দলের শৃঙ্খলা কমিটিতে অভিযোগ দেওয়ার পাশাপাশি শীর্ষ নেতৃত্বকে একাধিকবার জানিয়েছেন। প্রায় পাঁচ মাস অপেক্ষা করেও প্রতিকার পাননি। বরং অভিযোগ নিষ্পত্তির আগেই অভিযুক্তদের কয়েকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এনসিপিতে প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক ও নির্বাহী পরিষদের সদস্যসহ দায়িত্ব পালন করেছেন। নোয়াখালী-২ আসনে দলীয় প্রার্থী হিসেবেও কাজ করেছেন।
তবে মঙ্গলবার দুপুর ১টা ১৮ মিনিটে দেওয়া আরেক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমার দলের সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসে আমার পদত্যাগের সিদ্ধান্তটি স্থগিত করেছি।” ফলে আপাতত তার পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত রয়েছে।