দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

test.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

সাদিকুল হত্যা মামলায় জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

সাদিকুল হত্যা মামলায় জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন আসামিপক্ষে অ্যাডভোকেট সাথী শাহা জামিনের আবেদন করে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন খারিজ করেন।

এর আগে গত ১৯ নভেম্বর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। ওইদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও উল্লেখ করা হয়।

গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানা এলাকায় অংশ নেন মাদ্রাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকেল ৩টার দিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করে এবং এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলিবর্ষণ করে। এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মূল নিবন্ধ: https://test.dainiksokal.com/national/146005-sadikul-htza-mamla-jami