দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

test.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতায় নেই: আসিফ নজরুল

ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতায় নেই: আসিফ নজরুল

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতায় নেই। তবে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ও তার অনুসারীরা বিষয়টি বিবেচনায় নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।

পোস্টে তিনি দাবি করেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত বিদ্বেষ রয়েছে। আওয়ামী লীগের অনুসারীদের সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই বিদ্বেষের প্রতিফলন দেখা যাচ্ছে। তার অভিযোগ, গত এক মাসে এসব অনুসারী গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা, ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

আসিফ নজরুল আরও লেখেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

তার মতে, শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। এর পেছনে শেখ হাসিনার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি মানুষের সামনে নিয়ে এসেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরও বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলেছেন। এমন পরিস্থিতিতে দলটির প্রতি যাদের কিছুটা সহানুভূতি রয়েছে, তাদের পক্ষেও আওয়ামী লীগের সমর্থনে কথা বলা কঠিন হয়ে পড়ছে।

আসিফ নজরুলের ভাষায়, শেখ হাসিনা যেন দেশে অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ খুঁজছেন। তবে এসব কর্মকাণ্ডের পরিণতিতে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ, শেখ হাসিনা নিজে নন।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য তাদের নেত্রী যে দলটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, সেটি তারা আর কতদিনেও বুঝতে পারবেন না?

মূল নিবন্ধ: https://test.dainiksokal.com/social-media/146165-d-iunuus-praz-ek-zug-dhre-g