পটুয়াখালীর গলাচিপা ও দশমিনায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাতে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন এবং দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টা ১৫ মিনিটের দিকে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় মোঃ বাহাদুর খান (৪০) নামে এক ব্যক্তির বসতঘরের পেছনের বারান্দা থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই গ্রামের মোঃ সেকান্দার খানের ছেলে।
অন্যদিকে, একই দিন রাত ১০টা ৩০ মিনিটের দিকে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিংগুরিয়া গ্রামে অভিযান চালায় পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। চিংগুরিয়া গ্রামের সাক্ষী শাহাবুদ্দিনের দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ মোঃ জুবায়ের (২৪) ও মোঃ বশির মৃধা (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই ওই এলাকার বাসিন্দা।
গলাচিপা থানায় বাহাদুর খানের বিরুদ্ধে ২৩ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ৪২ দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলাটি রুজু করা হয়।
অন্যদিকে, ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক এ দুটি অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।