আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী, সশস্ত্র বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তা তৈরি হবে।

এমনকি তাদের মধ্য থেকেই কেউ একদিন দেশের পরিচালনার দায়িত্ব নেবে। তাই এখন থেকেই বড় স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা বঙ্গভবন ঘুরে দেখেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরভী আক্তারের নেতৃত্বে ৩৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।

পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি তাদের বঙ্গভবন ঘুরে দেখার অভিজ্ঞতা জানতে চান। শিক্ষার্থীরা জানায়, বঙ্গভবনের ঐতিহাসিক নিদর্শন, তোশাখানা জাদুঘর, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক ঘুরে তারা বেশ আনন্দিত হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি দেখা করতে পেরেও উচ্ছ্বাস প্রকাশ করে তারা।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শিশুদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমানে অনেক শিশু বই পড়ার পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় কাটায়। মোবাইলের অতিরিক্ত ব্যবহার কমিয়ে তাদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই দেশটাকে গড়ে তুলবে। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে। তাই এখন থেকেই নিজেদের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।’

পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহী হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের সম্মান করা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দেশের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দেশই মানুষের অস্তিত্ব, জীবিকা ও আশ্রয়ের প্রধান ভিত্তি। দেশকে ভালোবেসে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করতে হবে।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।