সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার মামাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

রবিবার (২২ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা চাকরির সুবাদে সৌদি আরবে এবং বাবা ঢাকায় থাকেন। দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে শিশুটি নানাবাড়িতে বসবাস করত। অভিযুক্ত ব্যক্তি শিশুটির মামা। তিনি একই বাড়িতে পাশাপাশি ঘরে থাকতেন।

অভিযোগ অনুযায়ী, পরিবারের অভিভাবকেরা কাছে না থাকার সুযোগে শুক্রবার রাতে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত ব্যক্তি। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা যায়,রবিবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত ব্যক্তি ও শিশুটিকে থানায় নেওয়া হয়। শিশুটির বাবা ও দাদা থানায় উপস্থিত হলে দাদা বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মামলাটি রেকর্ড করে।

হাকিমপুর থানার ওসি বাদশা আলম জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।