ভারত থেকে বাংলাদেশে ফিরলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সঙ্গে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে। এরপর দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজস্ব গতিতেই চলবে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের প্রতি আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা উচিত। তাঁকে তাঁর কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করলেও বাংলাদেশ সরকার তাঁর আবেদনগুলো প্রত্যাখ্যান করেছে।

এর আগে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশ। গত এপ্রিল মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ঢাকার প্রত্যর্পণ অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেছে রয়টার্স। চলতি মাসে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। এর অংশ হিসেবে গত ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচিও পালন করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ১০ দিনে দেশের অন্তত ২৮টি জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন। চলমান সহিংসতাকে আওয়ামী লীগের টিকে থাকার কৌশল হিসেবে অভিহিত করেছেন শামা ওবায়েদ। তাঁর ভাষায়, দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যেখানে দেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের সঙ্গে কী ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, সে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে।

সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ।

২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও ব্যাপক যৌন সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক প্রক্রিয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

শামা ওবায়েদ বলেন, আইসিজের রায় বাংলাদেশ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ের লড়াইয়ে নতুন শক্তি জোগাবে। রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে।

মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি। এ সংকট তৈরি করেছে মিয়ানমার। তাই এর সমাধানের দায়িত্বও মিয়ানমারকেই নিতে হবে।